শরীরের তাপ যায় যে মাপা
থার্মোমিটারের খোঁজে
মনেরও যে জ্বর আসে
কেই বা সে কথা বোঝে
কিন্তু সে জ্বর বুকের ভেতর নিঃশব্দে বাড়ে
খবর যে তার কেউ রাখে না
সে একলাই জ্বলে মরে
কখনও বা সে জ্বর আসে
একরাশ অভিমানে,
কখনও আবার হারিয়ে যাওয়া
কোনো চেনা মানুষের টানে
কখনও বা না বলা কথারা গুমরে ওঠে বুকে
কখনও আবার স্মৃতির আগুন জ্বলে
নিঝুম নিশুত রাতে
মনে তো কেউ হাত রাখে না
বলে না কি হয়েছে বল
জানতে তো কেউ চায় না কেন
মন আজ চঞ্চল
হাসির আড়াল ঢেকে রাখা যত
হাজার ব্যথার দাগ
ভেতরটাতে উঠলেও ঝড়
বাইরে’তে অনুরাগ
ওষুধ যে নেই, পথ্যও নেই,
নেই জ্বর সারানোর মন্ত্র
শুধু কিছু স্মৃতি পড়ে থাকে
এ বুঝি সময়ের ষড়যন্ত্র
তবুও তো আমরা বেঁচে থাকি
জ্বর নিয়ে প্রতিদিন
বুকে ব্যথা থাক তবু মুখে হাসি
এটাই জীবনের ঋণ।
শরীরের জ্বর সেরে যায় ঠিক
কয়েকটা দিন পরে
মনের জ্বরটা থেকে যায় জানি
আজীবন অন্তরে
