জীবনে যত সম্মান পেয়েছি,
ওগুলো তো আমার নয়—
সে তো ছিল প্রচ্ছন্ন অপমানেরই রূপান্তর!
জীবনে যতগুলো সমাধান কুড়িয়ে পেয়েছি,
সেসব জন্ম নিয়েছিল কোনো না কোনো প্রগাঢ় সমস্যার গর্ভ থেকেই।
যতগুলো জয়ের মুকুট পরেছি শিয়রে,
সেসব আসলে হারের কণ্টক থেকেই প্রাপ্ত বড় কিছু;
জীবনে যতগুলো উত্তর খুঁজে পেয়েছি,
তার প্রতিটিই ছিল কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর পুরস্কার।
জীবনের সমস্ত সফলতার চূড়ার পেছনে
রয়েছে মস্ত বড় সমস্যার পাহাড়
আর দুর্লভ, দুর্গম এক দীর্ঘ পথ।
জীবন তো কখনো থমকে দাঁড়ায়নি,
বরং ক্লান্তিতে থেমে গিয়েছিলাম আমিই কখনো-সখনো।
এ জীবন কোনো কল্পিত পরিকল্পনার ছক নয়,
এ জীবন সম্পূর্ণ এক নির্মম ও সুন্দর বাস্তবতার ক্যানভাস।
এ জীবন নিছক আশা বা আকাঙ্ক্ষার বুলবুলি নয়,
এ জীবন লড়াই, হারজিত আর নির্ভীকতার চিরন্তন মহাকাব্য।
