অনন্ত আলোর দিকে বাড়িয়ে রেখেছি হাত,
পুড়তে শেখা জীবনের পাঠে
অগণিত জিজ্ঞাসা!
জাগতিক ভ্রান্তির এ যেন উন্নাসিক ধারাপাত,
অঙ্গারে পরিপূর্ণ চোখে ভস্ম জমে ওঠে —
অন্ধের স্পর্ধায় কেবল অশুদ্ধ ছায়া…
স্তব্ধ অভিশাপ ঝরে পড়ে বেলোয়ারি কাঁচের মতো,
নিজেকে ভাঙার শব্দ বিদ্ধ করে নিজেকেই–
ধূসর অস্পষ্ট মুখের ভিতরে মুখ।
সন্ধ্যার প্রার্থনায় সমর্পিত আর্তি নয়;
হয়তো প্রার্থনাও নয়…
তবু হাত বাড়িয়ে দাঁড়িয়ে দেখছি–
মোহান্ধতার আশ্চর্য স্পর্শে ভাঙনের নীরব বিস্ময়।
