আমার মামার শখ চাপল লিখবে একটা কাব্য,
ছন্দ মাত্রা সঠিক দেবেন হবে সুখ শ্রাব্য।
দিস্তা তিনেক কাগজ নিলেন কলম ডজন ছয়,
তবুও যদি কম পড়ে যায় মনেতে সংশয়।
গেলেন তিনি সাগর পাড়ে ছেড়ে বাড়ি ঘর,
বিলম্ব তে বিঘ্ন ঘটে তাই সয় না তর।
যাওয়ার কালে মামী বলেন তাড়াতাড়ি ফিরো,
বেস্ট সেলার কাব্য লিখো হবেই হবে হিরো।
শুনে মামা মুচকি হাসেন ভাবেন এতো নস্যি,
এরচে’ বের করা কঠিন দইয়ের থেকে লস্যি।
সাথে গেল ভোলা চাকর এবং বামুন ঝি,
আধ বস্তা বাসমতি চাল দু টিন গাওয়া ঘি।
আলু পটল ঝিঙে মুলো বরবটি আর শসা,
বইতে বইতে হারা মুটের স্বর্গে যাওয়ার দশা।
কাছেপিঠে দিঘাতে নয় গেলেন সোজা পুরী,
ছন্দ মাত্রার খোঁজে বীচে করেন ঘোরাঘুরি।
ঘন্টা ছয়েক ঘুরে ঘুরে হলেন বিষম ক্লান্ত,
”ওরে ভোলা কোথায় গেলি ঠান্ডা পানি আনতো”।
পিলে চমক হাঁক শুনে তাঁর উল্টে পড়ে ভোলা,
“ঝেঁট্টা মারি এমন চাকরী” তুলল কাঁধে ঝোলা।
বামুন ঝি ও গেল ভেগে হয়ে গিয়ে একা,
মামা হলেন ভগ্নহৃদয় ক্ষান্ত
কাব্য লেখা ।।
