বাংলার পথে অনেক হেঁটেছো হাজার বছর ধরে ,
কবিতা দিয়েই আলপনা দিলে সাদা পাতা ভরে ভরে ।
সাঁতার কেটেছো গাঙুরের জলে ভাঁটফুলে আঁকো ছবি ,
শঙ্খচিলের বিরহে বিধুর তুমি বাংলার কবি ।
ধানসিড়ি নদী শাপলা শালুক বেহুলা ঘরের মেয়ে ,
বনলতা সেন ঘন কালো চুল বিদিশার নিশা ছেয়ে ।
অশ্বত্থ আর জারুল অথবা ঘেঁটু ফুলে একাকার ,
তুমি ছাড়া আর কেউ কী এঁকেছে মুখখানি বাংলার ?
দারুচিনি দ্বীপ বট -পাকুড়ের পাতায় বানালে ছাতা ,
বাংলার মুখ দেখেছো বলেই খোঁজনি বিশ্বমাতা।
ভুলিনি তোমায় ভোলাও যাবে না যাবৎ বইবে শ্বাস ,
অন্তর জুড়ে চিরভাস্বর জীবনানন্দ দাশ ॥
