পায়ের তলায় সরষে (মধ্য ভারত ভ্রমণ – পর্ব : ১)
মন বাউলের ইচ্ছেডানা উড়ান টানতে চায় অবিরত। সেই মন ভাসির টানে বেরিয়ে পড়েছি চার মধ্যবয়স্ক বান্ধবী…. গন্তব্য ছত্রিশগড়ের জগদলপুর।
হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস…. মধ্য রাতের সফর! ২৪ ঘন্টার সফর শেষে পৌঁছোলো জগদলপুরে!সেদিন বিশ্রাম!পরদিন সকাল থেকে শুরু হলো আমাদের মধ্য ভারত সফর ….. জঙ্গল নদী আর জলপ্রপাতের দেশ এই বস্তারভুম।অসংখ্য রঙিন জনজাতি অধ্যুষিত এই আদিম ভূমি নৈসর্গিক সৌন্দর্যের আকর! চারপাশে শুধু সবুজের সমুদ্র!উঁচুনিচু পাহাড় আর মালভূমি যেন ধূসর আর সবুজের মেল বন্ধন।উপত্যকা দিয়ে বয়ে চলেছে ইন্দ্রাবতী নদী…. এই ইন্দ্রাবতী নদীর ওপরেই রয়েছে চিত্রধারা, তামড়ঘুমর, মেন্দ্রীঘুমর, চিত্রকোট জলপ্রপাত। চোখ জুড়িয়ে যাওয়ার মতো নৈসর্গিক সৌন্দর্য! চিত্রকোটের ভয়ংকর সৌন্দর্য দেখলে বুক কেপে ওঠে। চিত্রকোটকে বলা হয় ভারতের নায়াগ্রা। ইরাবতী নদীর জলপ্রপাত এটি। ওপর থেকে বিশাল জলরাশি ঝাঁপিয়ে পড়ছে হাজার ফুট নিচে! গেরুয়া জলের ক্ষুরধার প্রপাত জলীয় বাষ্পের রামধনুতে সেজেছে! যেখানে জল নিচে গিয়ে পড়ছে সেখানে বর্ষা ছাড়া অন্য সময় বোটিং করা যায়।প্রায় ৩৮০ টা সিঁড়ি ভেঙ্গে ওই নীচে পৌঁছতে হয়!প্রপাতের ভয়ংকর সৌন্দর্যে বুক কেঁপে ওঠে।
ইন্দ্রাবতী নদীর বিপুল জলরাশিপ্রচন্ড বেগে ঝাঁপিয়ে পড়ছে হাজার ফুট নিচে….. জলীয় বাষ্পে সারা চরাচর ঢেকে গেছে।প্রপাতের পেছনের বিশাল জলরাশির মাঝে মাঝে বিরাট বিরাট মহীরুহ। মন ভরে ওঠেএই ভয়ংকর সৌন্দর্য দেখে!
