মুখে প্ৰেম ছিলো
বুকে মায়া ছিলো না
বিশ্বাসের নুড়ি অবিশ্বাসের জগদ্দল পাথরে
ধাক্কা খেয়ে ডুকরে কেঁদে ওঠে
চূর্ণ বিচূর্ণ হয়ে যায়-
কেউ জানলো না নুড়ির ইতিকথা।
নুড়ি পণ করেছিলো পাশে থাকবে বন্ধু হয়ে,
অবগাহন অবধারিত জেনেও অপমান নামক মৃত্যুকে
কন্ঠী করেছিলো অবশেষে।
একঘেয়ে একাকিত্বর কাছে আর নত নয়
হঠাৎ বিষণ্ণ কথার বেত্রাঘাতে
পঙ্গুত্বে হামাগুড়ি দিয়েও
পাশে রয়ে গেলো কথা রাখার দায় বদ্ধতায়।
কানামাছি খেলা নিজেকে ফাঁকি দিয়ে।
নুড়ি আজ নুড়ি নেই
শত সহস্র মনভাঙার টুকরো ছড়িয়ে ছিটিয়ে চারপাশে।
