Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কবিতা লিখতে হলে || Jubak Anarjo

কবিতা লিখতে হলে || Jubak Anarjo

কবিতা লিখতে হলে
চুটিয়ে প্রেম করতে হয়
থাকতে হয় কখনও বা প্রেমহীন
কবিতা লিখতে হলে
প্রেমে প্রত্যাখ্যাত হতে হয় প্রতিনিয়তই।

মহুয়া মদের মতো শরীরী গন্ধে মাতাল – তুমুল বর্ষণে ভিজিয়ে দিতে হয়
অকর্ষিত ওলো জমি,
ডাকাতি করে বুঝে নিতে হয় সমূহ ভাঁজ জ্যামিতিক অনুবাদ উত্থান পতন
ধর্ম বর্ণ সাদা কালো তুচ্ছ ক’রে
নেমে যেতে হয় কর্ষনমুখী গাঙে
মিথ্যে অপবাদে অভিযুক্ত হয়ে
খোয়াতে হয় মানসম্মান বংশগৌরব।

তবু থেমে থাকতে নেই
প্রেম যেতেই হবে ক’রে,
প্রেম থেকে মুক্তি নেই প্রকৃত প্রেমিকের।
দিনের আলোতে রাতের আঁধারে প্রেম
রিক্সায় ট্রাকে ফুটপাতে
বাসের হাতল ধরে
ঝুলে যেতে যেতে প্রেম
ইশকুলে যতীন স্যারের ক্লাসে
কলেজের করিডোরে
ব্যালকনি থেকে কৌণিক দুরত্বে
অপর ব্যালকনি তাক ক’রে
মিছিলে বুলেটবিদ্ধ হতে হতে
শুনানি হুলিয়া গ্রেফতার
জেলঘরে যেতে যেতে
গুম ঘরে
আততায়ীর হাতে খুন হতে হতে
এবং খুন করতে করতেও প্রেম;
প্রেম থেকে মুক্তি নেই প্রকৃত প্রেমিকের।

কবিতা লিখতে হলে প্রেম করে
দেওলিয়া হতে হয়,
কবিতা লিখতে হলে প্রেম না করেও
প্রেমিক হতে হয়-
খুন না করেও খুনি’র মতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *