সব মেঘই সিঁদুরে নয়,
অনায়াসে তাই
উড়াতে পারো তোমার স্বপ্নের ঘুড়ি
আলতো ঠোঁটের নীরব চুম্বনে।
যেমন সব পলাশেই প্রেমের রং থাকেনা,
তবুও ফাগুনের রং গায়ে মেখে বারে বারে
ছুটে যাও কিংশুক বনে !
মিছা নকশী কাঁথায় দিন যাপনের হিসাব
চুকিয়ে, বাজাও খুশিতে ইমন রাগ,
ভেজা ভেজা কুয়াশায়
অনুরাগের মিঠে রোদে শুকিয়ে নাও প্রতীক্ষার জলছাপ !
ধ্রুপদী আকাশ স্বার্থের চাদরে ঢেকে গেছে,
খোলা শুধু তোমার নিষ্পাপ মুখ !
এখনও যা হয়নি কলঙ্কিত,
জ্যোৎস্না রাতের উজ্জ্বলতায় আজও প্রতিভাত।
হৃদি স্রোতা নদী স্বচ্ছতোয়া,
শোনে নিভৃতে হৃদয়ের কলতান নির্জন দুপুরে,
গোধূলির বাসর সাজিয়ে
মেঘ মনে ঘুচিয়ে নাও একাকীত্বের ইতিহাস।
