অবক্ষয়ের জলে ভেসে যায় জীবন
অমল জলকণা রাশি আগের মত আর ঝরেনা,
শুভ নিকেতনের সমাজ আজ ভূলুণ্ঠিত
ক্লেদ রক্ত নির্গলিত ধারায় বাঁধ না মানা।
বিভেদের বৈষম্যে চাইনা লড়াই গনহত্যা
অন্তঃসার শুন্য শিক্ষা সংস্কৃতি ধুলায় যাক,
ক্ষমতার উল্লাসে মানবিকতায় চোরাস্রোত
মৃত্যু মিছিল যেন না ঢেকে রাখে চতুর্দিক।
বিবেক কিরণ অস্তমিত, রুখেনা আর প্রদুষণ
রক্তের সমুদ্রস্নানে অবক্ষয়ের বাতাবরণ,
মানবিকতায় যেন অকাল ভাটা বিশ্বময়–
প্রতাপের সুনামি জ্বরে কাঁপছে সমাজ দর্শন।
ক্ষমতা, ঈর্ষা,লোভের ত্রিবেণী সঙ্গমে আজ
দিকে দিকে অশুভ শক্তির গণঅভ্যুত্থান,
হিংসার হিল্লোলে অহরহ বাজে রণ দামামা
অভিশপ্ত লাশের পাহাড়ে কেতন উড়ায় বিষাদের গান।
ব্যথার চোরা বালিতে মুখ গুঁজে কাটে দিন
সভ্যতার ভূমধ্য সাগর লজ্জায় তরঙ্গ হীন,
মুক বধির মানব সমাজ বিপর্যস্ত, তবুও নীরব–
অবক্ষয়ের মালা গাঁথা রাতদিন বিরামহীন।
