ধর্ম ধর্ম করেছে মানুষের মন বিবর্ণ
জাত জালিয়াত হয়েছে বালাই,
মানুষ ভুলেছে সংকীর্ণতায় বিবেকবোধ
দিতেছে তাই আজ জন্মের দোহাই।।
অপশাসনের নায়ক যুগের কান্ডারী
ধর্মের নামে রক্তঝরা অতিবর্ষণে
ভিজে থাকে ভূমি, তোমার আমার শোণিত ধারায়,
থাকে লুকিয়ে হিংসার বীজ অপ্রিয় ধর্মমনে।
ঘনঘোর তমানিশা করেছে গ্রাস ভূমণ্ডল
ভেক ধর্মগুরুর ছত্রছায়ায় সমর্পিত ধার্মিক হৃদয়,
অজানা সংকেতে কাঁপে বুক সদা দুরুদুরু
চেতনাহীন ধর্মভীরুতা, পাকদন্ডীর ফাঁসে বিপর্যস্ত হায়।
ধর্ম শেখায় নীতি নৈতিকতা,মানবতায় বিমণ্ডিত আধ্যাত্মিকতা,
ভুয়ো ধর্মের নামে চুরি করে যারা মন
মানসিক দুর্বলতায় মারে বাণিজ্যিক থাবা
জব্দ করতে প্রয়োজন আইন প্রণয়ন।
ভন্ড সাধু, ভন্ড প্রতারক সমাজের বিষবৃক্ষ
এখনও আছে সময়,হও সাবধানে আগুয়ান
প্রতারণার জাল কখনোই টিকবে না চিরদিন
নিঃশেষে হবে ধুলিস্যাৎ , রবে বন্দী কারাগারের অধীন।
