হিম শীতল রাতে অভিমানে
বিদ্ধ করেছিলাম তোমায় কথার বাণে,
কোনও এক অজানা কারণে।
দগ্ধ হয়েছো তুমি
রাতের পর রাত।
কিন্তু আজ– হিমের পরশ গায়ে মেখে
শীতল হাওয়ায় মনটা ভিজে,
পিছু ধাওয়া করা
ফেলে আসা অতীত আঁকড়ে ধরে
আবারও উষ্ণতার সন্ধান একটু খোঁজে ।
উষ্ণ ছোঁয়ায় আবিষ্ট হলাম আমি
তোমার ঐ চিরায়ত আহ্বানে।
হৃদয়ের বুলবুলি গেয়ে ওঠে গান
ভুলে সব মান অভিমান।
ভালোবাসার সাগর পেরিয়ে ছুটে চলে মন
সব বন্ধন ছিঁড়ে,
কুয়াশার আস্তর ভেঙে দুরন্ত সম্মোহনে।
বসন্ত ছুঁয়ে যায়,দুচোখের মায়া অঞ্জনে,
ভালোবাসার আচ্ছন্নতায় ডুবে থাকা প্রাণ পাখি
সাজে বেহস্তের চুয়া চন্দনে।
