দীপাবলির আলোয় চারিদিক ভেসে যায়
ইমন রাগ খুশির উৎসবে বাজে ,
শুধু প্রেমের আস্তাবলে তখন দু নয়নে
উৎসব চলে অশ্রু নদীর জলে।
শিরা ধমনী আর লসিকার সংবহন স্রোতে
মিশে থাকে ফেলে আসা নানা স্মৃতি
হৃদয়ের পরতে পরতে।
শ্রাবনের উর্বর বাদল বিনা মেঘে
আছড়ে পড়ে অন্তরে বাহিরে,
ছিন্ন ভিন্ন বিদীর্ণ হৃদয়
ঢাকা পড়ে রয় বিষাদের ধূসর চাদরে ।
স্তব্ধ আজ হাসির ঝংকার, মৃত স্বপ্নদের ঘিরে
বানভাসি চোখ অশ্রুমতী স্মৃতির খেয়া ঘাটে,
যখন তখন নোঙ্গর ফেলে ভাসায় অশ্রুজলে ।
বিচলিত শব্দের অলিখিত বোবা কান্না ,
ভাষাহীন ঠোঁটের অভিমান ছুঁয়ে
নিঃশব্দে বয়ে বেড়ায় একাকিত্বের খড়কুটো ।
ভালোবাসার বারান্দায় তবুও আসেনা বসন্ত বার্তা-
শূন্যতার খোলস ভেঙে ছিনিয়ে নিয়ে যাও প্রেমিক সমুদ্রে
সাথীহারা আমার এই একাকিত্বের দাসত্ব।
