কর্মহীন জীবনে শুধুই অনন্ত অপেক্ষা
আশাগুলো ভেঙে চৌচির
সদ্য অঙ্কুরিত স্বপ্নগুলো শুকিয়ে কাঠ,
বাদামের খোসার মত মর্মর শব্দে
ছড়িয়ে পড়ে অকালে,
আকাশে বাতাসে দুরন্ত বেগে।
জীবন যুদ্ধে ক্লান্ত পথিক
শুধু পিছন ফিরে চমকে তাকায় ,
কিছু নেই করবার।
যৌবন আজ বিপন্ন
আষ্টেপিষ্টে বেঁধে রাখা দেহমন পোড়ায় হতাশায়, নিরাশায়, তমশায়।
আধপোড়া মাংসপিন্ড নামেনা গলা দিয়ে,
শীতল শোনিতধারা বয়ে চলে
হৎপিণ্ডের ধমনী বেয়ে।
তাচ্ছিল্য স্বার্থপরতা আর অবহেলার ঘেরাটোপে বন্দি মনের বল ,
আত্মবিশ্বাসকে করছে দিনে দিনে দুর্বল।
পায়না খুঁজে কোন অবলম্বন
খড়কুটোর মতন আঁকড়ে ধরার কেউ নেই
অনিশ্চয়তার জোয়ারে ভাসছে তাই,
চলছে ভেসে বেদনার পেয়ালায় পিপাসিত ভারাক্রান্ত মন।
যৌবন !
তুমি হারিয়েছ তোমার রূপ লালিত্য ,
ধুঁকে ধুঁকে চলেছো মৃত্যুর হাতছানিতে নিত্য।
রক্ষা করবার মত আসেনা কেউ পাশে
কঙ্কালসার চেহারায় তুমি আজ বৃদ্ধ, তুচ্ছ গনতন্ত্রের ফাঁসে।
