আমার কোনো ঘর বাড়ি নেই
আমার কোনো ব্যঙ্ক লোন নেই
যা আছে তা শুধুই স্বপ্ন ,
অবান্তর কথালিপি ।
শ্যাওলা রংয়ের সূর্য
আমার কাছে কি যেন
বলতে চায় ,
হয়তো ধার চাইতে থাকে
গনগনে আলো ।
এ ওর ও তার প্রশংসায় পঞ্চমুখ ,
সত্যি কথা বলতে ভয় পায় তারা ।
নীলাভ বিকেলগুলো দুর ছাই
করে কোথায় যেন হারিয়ে গেছে ,
সেখানকার ম্যাপ আমার কাছে নেই।
আদুরে কবিতার মতন
রাতগুলো গা ঘেসে বসে থাকে ,
আমাকে ঘুমোতে দেয় না ।
কিন্তু আমার তো ঘুম দরকার ,
নইলে স্বপ্নগুলো সেজেগুজে
কাছে আসবে না ,
না এলে ক্লান্ত পথিকের
মতন আমিও নিরুদ্দেশের
পথে চলে যাবো ,
যার ম্যাপ বা ঠিকানা
আমিও জানি না ।
হেরে যাচ্ছি, আমি হেরে যাচ্ছি ,
যত মিথ্যা কাণ্ডকারখানায় ।
তারপর একদিন সব শেষ ,
লড়াই থেমে যাবে ,
একা একা শুয়ে থাকবো
লাশ কাটা ঘরে ,
নিশ্চুপ ।।
