কবিতার নেপথ্যে রাতজাগা বিনিদ্র ভোর
ঘড়ির সূর্য চাকা কখন যে মেঘে ঘন ঘোর !
কবিতার নেপথ্যে নিঃঝুম ভাবনার গাড়ি
পলকেই বেছে মেজে অনুবাদে শব্দের বাড়ি ।
কবিতার নেপথ্যে নিবিষ্ট নীলে ঋষি ধ্যান
পূর্ণ সমাধি মনে খালি টিক্ সৃজনের জ্ঞান ।
কবিতার নেপথ্যে নিশপিশ কষ্টের গান
খুশি হলে অক্ষর , হাঁফ ছাড়া আনন্দ বান ।
কবিতার নেপথ্যে কল্পনা কর্মী প্রধান
টান দিলে চাঁদের কপালে চাঁদ টিপজলে চান ।
কবিতার নেপথ্যে শব্দহীন শব্দের হাট
বাতিল ফেরত যারা বুকে হাঁটে বিমর্ষ বাট ।
কবিতার নেপথ্যে নতবাক বিষন্ন কবি
আজীবন ধিকিধিকি তুষে পোড়া কবিতার ছবি ।
কবিতার নেপথ্যে শুধু সেই কবিতার আশা …
কখনও হয় না লেখা ঈপ্সিত অধরার ভাষা ।
