এক আবিশ্ব কবিতার পিরামিড মানচিত্রে সহস্র সিঁড়ির
আঁচ পেয়ে ও হারিয়ে আমি
হাজারো শব্দের সম্মতি -অসম্মতির তোয়াক্কা না করে
সারিসারি ভাবনাকে সীমিত অনুবাদের দূর্গে বন্দী করেছি ।
ক্ষমা করো অসম্মত শব্দমন্ডলী ,
তোমাদের ইচ্ছের বিরুদ্ধে হরণ করেছি ।
ক্ষমা করো সম্মত , যোগ্য সম্মান স্থানে বসাতে পারিনি ।
আরও শত বাতিল শব্দের অভিশাপ হামলার হাড়িকাঠে
ঝুলে আছে আমার দুঃস্বপ্নের বিনিদ্র বালিশ ।
আমি তো শুধু প্রকৃতিজ জীবন মন্থন করতেই চেয়েছিলাম
নিজস্ব প্রতিভা আর অবিচল চর্চার কলম মন্দারে !
বিশ্বাস করো , শুধুমাত্র এক অভূতপূর্ব কবিতা দৃশ্য
দেখবো বলে নিতান্তই নৈঃশব্দের ধ্যানে
অহিংস অপরাধ করে গেছি ভঙ্গুর ভূর্জপাতায় ।
এবড়ো খেবড়ো সুদীর্ঘ বর্ণপাতের ফাঁকে
এ এক সত্য শ্বেতপত্রের স্বীকারোক্তি শ্বাস ,
বাল্মীকি থেকে জিরো বাউন্ডারি কান্ড আর
হোমার থেকে জেন জেড জাতকের কাছে ,
আর কিছু নয় ।
পুনশ্চ :- এক সুস্বপ্নের ছায়া অপেক্ষার মাস্তুলে পাল তুলে
সৃজন শ্রমের কানে বলে যায় রোজ
— এ তোমারই স্বতন্ত্র সিগনেচার , আর কারও নয় ।
