না হোক সম্যক জানা অত্যল্প জীবনের স্নান যাত্রায়
স্বপ্ন স্রোতের ঘাটে অধরা সাঁতার এসে
মাঝে মাঝে যত্নে জানান দিয়ে যাক ।
আফোটা কথার কুঁড়ি , ছুঁই ছুঁই ফুল না-ই পাক
যে ফুল ছুঁয়েছে মন — মনের আড়াল — মনে মনে বলে যাক
— মনে আছো , মনে রেখো — এইটুকু থাক ।
কে পারে উপুড় হয়ে সবটুকু বলে’ নিঃশেষ ?
অবশেষ রেখে যায় গোপন শিরায় তার রেশ ,
পাশের পড়শী শিরা পারে না খুলতে
কারু কাছিমের বাহিরের বেশ ।
থাক যত গূঢ়তম আত্মার আত্মীয় টান
কাছাকাছি ঘেঁষাঘেঁষি শরীরের বান
বন্য পলির নালে ডুবে থাকে লাজবতী পদ্মের গান ।
ভাসা ভাসা পরিচয়ে পরিয়ে লাগাম
কতটুকু বলি পথে ? মনে মনে সংলাপে
তার চেয়ে শত গুনে বুনে যাই নিবিড়ের খাম ।
তবুও জানান দেওয়া — ” মনে আছে ? ” ক্রৌঞ্চীয় স্বর
ভাবিয়ে তোলেই বলে’ পৃথিবীর পরবাস আজও সুন্দর ।
