মধ্যরাতের স্বপ্ন-বিভোর সুখে
আসলো বুঝি নাম না জানা কেউ!
স্বপ্ন-মদির আবেশ জড়ায় চোখে
বুকের ভেতর উথাল পাথাল ঢেউ।
হিম ঝরানো শীতের বেলা তবু
কদম ফুলের পাপড়ি মেলার ঘ্রাণ,
অসময়ের জলস্ফীতির জেরে
হঠাৎ যেন মন করে আনচান।
অচিন পুরের পথিক তবু কেন
বুকের ভেতর কিসের এমন জোর!
একপলকেই উঠলো হয়ে চেনা
কাজল মেঘে সজল চোখের ভোর।
কথামালার গল্পে রাতের ভোর
নাইবা হলো তোমার সঙ্গে দেখা,
কল্পনা রঙ বুলিয়ে তুলির টানে
অলীক প্রেমের গল্প হলো লেখা।
হয়তো বা কেউ এমন করেই আসে,
বলবো কি তা কেউ জানে না মোটে।
রাতদুপুরে আঁধার গভীর হলে
তবেই নাকি ব্রহ্মকমল ফোটে।
