এই পথে রোজ তরুণ তুর্কির মত বালকের চোখে ভোর আসে,
এই পথে রোজ হেঁটে যায় মালবিকা রায় – ঝুম ঝুম শব্দ তুলে –
হাতে বই, লাল ফিতে নীল বেণী চলে ,সাপের ফণার মত দোলে ,
বালকের সাপুড়ে বাঁশির সুরে ঝিম ধরে –
এই পথে বর্ষা আসে – কালো মেঘ
এই পথে শীত নামে
চরমে গরমে কাঠ ফাটে ,বুক ফাটে
বসন্তের অধীর আগ্রহে ফুল ফোটে রঙ জোটে
এই পথে হেঁটে যায় মালবিকা রায় –
একদিন বুকের মাস্তুল তুলে দূর দেশে
এই পথে অপেক্ষা থাকে প্রতিক্ষা থাকে –
বালকের স্মৃতি ভাসে, হায়
জীবন সায়াহ্নে তবু দ্বার সমুদ্রের জলে ভেসে যায়
মাঝে মাঝে ফিরে আসে মালবিকা রায় …
