সৃষ্টির মূলে প্রধান ভূমিকায় বামা
নিজের স্থান পেলনা আজও সঠিক মূল্যায়নে ;
হায় ! একি সৃষ্টির অপলাপ,
যুগ যুগ কেটে যায় নারী চরিত্র বিশ্লেষণে ।
পরীক্ষা নিরীক্ষায় জেরবার জননী, জায়া
অগ্নি পরীক্ষায় জানকী পৌরাণিকে ,
আজও নেভেনি আগুনের সেই শিখা লেলিহান
তলেতলে রূপ বদল আধুনিক সভ্যতার আড়ালে।
মানুষের মুখোশে অমানুষের আচরণ পাশবিক
প্রবাহিত যুগযুগান্তে একই রকম স্রোতধারায়,
চিতোড়ের রানী পদ্মাবতীর অগ্নি আত্মাহুতি
পবিত্র দেহের অশুচি সন্মান রক্ষায় ।
আগুনের গ্রাসে কেন শুধু কমিনী যুগে যুগে..?
চরিত্র গুলো একই থাকে শুধু বদলায় আবরণ,
লিঙ্গ বৈষম্যে আট থেকে আশি নেই কোন নিস্তার
জাগবে কবে চেতনাবোধ, নারীর নবজাগরণ।
জ্বলছে আগুন রাবনের চিতা, জ্বলছে অনন্তকাল
পৈশাচিক উল্লাসে জ্বলন্ত রমণী ভোগের উপকরণ,
সংহার রুপিনী মা দুর্গার প্রতি গৃহে চাই আবির্ভাব
হাতে নিয়ে মহাত্রিশূল, করতে অধুনা অসুর দমন।
সমাজ সংস্কারকের ঐকান্তিক প্রয়াস বরবাদ
আগুনের গ্রাসে আজো পুড়ছে পুরনারী জাতে,
রামমোহন করতে পারেনি আগুনের শিখা রদ !
নব চিত্রাঙ্গদা বীরভূমিতে বীরাঙ্গনা অসি হাতে।
মূল্যবোধের মাপকাঠিতে জাগুক নারীচেতনাবোধ
প্রতিবাদের সমোচ্চারিতে সম্মিলিত হোক স্বমস্বর!
শোকের মিছিলে নির্ভয়া জননী আর হাঁটবেনা,
জ্বলবে বীরাঙ্গনা নারীর দুচোখে শুধু জ্বলন্ত অঙ্গার।
