প্রেমের শঙ্খে ফুঁ দিলে নাভিতে জুঁই
কুন্ডের ফুল ফুটে ফুটে মধুমালা ,
ঊষর শেকড়ে কবি না ছোঁয়ালে ভুঁই
সাধারণ পদে পেতে উপমার ডালা !
কী এমন টান দিয়ে দৃষ্টিতে যাদু
কবিও স্বয়ং বন্দী বৃষ্টি জালে !
মেঘ না সরালে প্রশ্বাস সুস্বাদু
রোদ্দুর টিপ কে দেবে কবি’র ভালে !
প্রকৃতির পালে ময়ূরপঙ্খী ঢেউ
কে জাগায় ? বানে বিদ্ধ কবিতা বুক ,
প্রকৃতি ও কবি ছাড়া আছে আর কেউ ?
প্রশ্নের মুখে ভাসে কল্পনা সুখ ।
সুতোয় নাচাবে প্রেমিকার সংলাপ ?
ফাঁকা রেখে স্থান ছাড়ে প্রকৃতি ও কবি ,
অনুবাদ হাটে কল্পনা ফেলে ঝাঁপ
প্রেমিকারা বীজে লেখে নিজস্ব ছবি ।
