কোথাও পৌঁছোবো না জেনেও প্রতি ভোরে
আড়মোড়ার ঘাড় ধরে বলি — ওঠো , পথের চরকা চাকা
আমাদের বুনে বুনে দীর্ঘ করবে বলে দাঁড়িয়ে রয়েছে ।
কতোটা দীর্ঘ হলে পূর্ণতার শেষের ফলকে পুষ্পবৃষ্টি হবে ?
মনোমত ছোট ছোট বাঁচা এখনও তো বাকী !
যাপনের মাঝের পঙতি ফাঁকে চুপ করে ভাবি , ভাবি…
কোন দিকে যাবো ?
বহুমুখ ভেবে ভেবে অসমান একমুখী হই ।
টুকরোর টুকরো ঠুকে অক্ষর ঠোক্কর খেতে খেতে
জীবননামার ভগ্নাংশে ভীরু আঁক কষে চলি।
বিস্মিত টাকরার আলজিভে আঃ ! পেতে হলে
দ্বিধাহীন কোথায় পৌঁছোতে হয় জানি ?
