রন্ধ্রে পেয়েছো বলেই ভুলেছো কূপে হারানোর ভয়
চুম্বক স্রোতে ছোঁয়ালেই ঢেউয়ে চুম্বন বিস্ময় ।
বাতাসের মতো বিন্দাস তূণে
বাধ্য বানের বিশ্বাস বুনে
কেমন সহজে রসে বশ করে’ ফুটে আছো সঞ্চয় !
শোকের শরীরে ক্ষত শুষে শুষে হয়েছো শিশির শ্বাস
ভরা শিউলির ঝরা সুখ রঙে সাজিয়েছো দূতাবাস ।
কে পারে গলাতে ফাগুনী বরফ
যতই আগুনে পুরি না হরফ
নিজে না ভাঙলে সান্নাটা ভিড়ে সম্মত পরবাস !
—পাতানো সিঁড়ির শেষ ধাপে কুলু সম্পর্কের ছাদ
দায়িত্বহীন ঝর্ণায় হই নির্ভার থই চাঁদ।
ঢেকে রেখে মেঘে প্রেমের কবিতা
মন্দারে দিই বৃষ্টির-ই ‘ তা
ভালোলাগাটুকু তুলি এসো তীরে , বাঁকে থাক পরমাদ ।
