প্রকৃতি আর প্রেম সদা যেন অঙ্গাঅঙ্গি জড়িত,
একে অপরের পরিপূরক হয়ে থাকে তাই নিরবিচ্ছিন্ন,
প্রকৃতিকে ভালোবেসে এজীবন প্রেমধন্য।
পূর্ণিমার মায়াবী আলোয় রজত শুভ্র শশী দেয় ধরা,
প্রেমে আপ্লুত মুগ্ধ প্রেমিক কবি,
স্বপ্নের জাল বুনে মনে, দেয় জন্ম কত কাব্য গাঁথা।
প্রেমের পরশ আশে প্রেমিক যুগল ছুটে বেড়ায়,
প্রকৃতির অকৃতিম দানে নীল সমুদ্র পারে বা শৈল চূড়ায়
নব দম্পতির প্রথম প্রেমের প্রকাশ যেথা পায়।
সমুদ্রের ফেনিল উত্তাল তরঙ্গ যেমন আছড়ে পড়ে তটে,
প্রেমিক প্রেমিকার বাঁধন হারা আন্দোলিত যৌবন
তেমনই ছড়িয়ে পড়ে সারা দেহ মনে।
প্রকৃতির কাছে চিরঋণী প্রেমিক যুগল,
মধুচন্দ্রিমার সেই মধুর স্মৃতি মনে গেঁথে রাখে চিরকাল ।
পুষ্প বাগিচার অসাধারণ রূপ মনোহরিণী,
প্রেম মাধুর্যের আলতো পরশে সাজায় অতি সযতনে
প্রকৃতি প্রেমিক মালঞ্চ মালিনী।
প্রেম ব্যতীত হয়না কিছুই, বিনা প্রেমে প্রকৃতি অপূর্ণ,
খুঁজি তাই প্রকৃতির মাঝে প্রকৃত প্রেমের রূপ,রস, বর্ণ।
