বাইরে প্রচন্ড রোদের তেজ,
যুদ্ধ লেগেছে জঙ্গি আর স্বৈরাচারী
দেশের সৈন্যদের সঙ্গে,
ঘনঘন সাইরেন, বোমা ,গোলা, মিসাইল,
রকেট, গ্রেনেড, গুলি বৃষ্টি আর চারদিকে
রক্তাক্ত লাশের মিছিল।
চারদিকে শুধুই ধ্বংসলীলার ছবি,
নিরীহ হওয়া বড় পাপ, তাদের কোন
কণ্ঠস্বর নেই, শক্তিমানেরা, সন্ত্রাসীরা
যা খুশি করবে, আমরা শুধু কাঁদবো
নীরবে বা চিৎকারে, ভালোবাসাগুলো
সংঘবদ্ধ হয় না তারা একাকিত্বে ভোগে।
তবু ছোট-বড় মাঝারি শাসকদের তাণ্ডবে,
যারা ধর্মকে হিংসার হাতিয়ার ভাবে,
যাদের পিছনে থাকে অবয়বহীন, চেতনাহীন,
মানবতাহীন মানুষের ভিড়,
লোভ, লালসা আর পাপে ভরা পৃথিবীতে
সাধারণের কিছু এসে যায় না,
বাইরে প্রচন্ড রোদের তেজ
যুদ্ধ লেগেছে দুই ক্ষমতালোভী শয়তানের
মাঝে পড়ে থাকে অসংখ্য নিরীহ লাশ।
