সময়ের চক্রব্যূহে আটকে পড়েছি …
শোকের অশৌচ স্মৃতি , খুলির ভেতরে খালি ঘুরপাক খায় ।
প্রিয় প্রিয় শ্বেতকণিকার পিঠে
পরজীবী এক নিষ্করুণ প্রোটিনের প্রাণ
সমূলে উপড়ে ফেলে আমার সমূহ যাপনের
সারিসারি অশ্বত্থ টান ।
ম্যারাথনী কষ্টের মৃত্যু স্বাদ পেতে পেতে
আমি কী ভুলে যাবো আমার-ই
আনন্দিত জীবন্ত সৃজন সংগ্রাম !
আগুনের পরীক্ষায় ঝুরি ঝুরি পোড়ার ক্ষমতা লিপি
আমি যে নৈবেদ্য দিতে চাই
হাড় জ্বালানো পাড়া জুড়োনোর ফাঁকে
নিরাময়ের নতুন জন্ম জড়ুলের জারুল ছায়ায় !
শুধুমাত্র এক চিলতে উপশমের অপেক্ষায়
আর কতবার ভেঙে চুরমার হবো !
আশ্চর্য তোমার এক বিন্দু ঘুমও পায় না , অসময় ?
