Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পুজোর টুকিটাকি || Tapas Jana

পুজোর টুকিটাকি || Tapas Jana

বারো মাসে তেরো পার্বণে মেতে থাকা বাঙালীর কাছে পুজো – পাঠের কোনো অন্ত নেই। কোনটি ঘরোয়া, তো কোনটি সার্বজনীন। আবার অঞ্চল ভেদে আছে বিভিন্ন ধরনের পুজো বা পার্বণ, যেমন ধরুন ভাদু, বন বিবি ইত্যাদি। সব বাড়িতেই কোন না কোন পুজো তো হয়ই, নিদেন পক্ষে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো তো আছেই। প্রত্যেক পুজোর ক্ষেত্রে নিয়মের পাশাপাশি, এলাকা ভেদে বিভিন্ন লোকাচার এবং কুলাচার এইসব পুজোতে প্রবেশ করেছে। যেমন ধরুন নারায়ণ পুজোর সিন্নি। এপার বাংলায় সিন্নির উপকরণ আটা কিন্তু ওপার বাংলায় সুজি। আবার, দেবী পুজোতে যে কনকান-অঞ্জলি প্রদান করা হয় সেটা সম্পূর্ণভাবেই একটি লোকাচার, শাস্ত্রে তার কোন বিধান নেই আর দুর্গা পুজোর নবপত্রিকা কেবলমাত্র কিন্তু বঙ্গ দেশের।

পুজোর সময় পুরোহিত মশাইরা অনেক কিছু করতে বলেন বা অনেক কিছু করে থাকেন বা করা হয় – বেশিরভাগ ক্ষেত্রেই মনে করা হয় সেগুলো সব ‘ নিয়ম ‘। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার কারণ আমাদের জানা থাকে না বা পুরোহিত মশাইরা জানাতে উৎসাহ বোধ করেন না বা অন্য কিছু। কিন্তু এইসব নিয়ম, মন্ত্র বা উপকরণ যা পুজোতে ব্যবহার করা হয়, একটু নিবিড় ভাবে দেখলে দেখা যায়, সেগুলো ভীষণভাবে যুক্তি গ্রাহ্য এবং বিজ্ঞান সম্মত ।

প্রথমে বলি মূর্তি রাখা নিয়ে। মূর্তি রাখার ক্ষেত্রে মনে রাখতে হয়, পুজোর সময় যিনি পুজো করছেন তার মুখটা যেনো উত্তর বা পূর্ব দিকে থাকে। পশ্চিম বা দক্ষিণ নয় কেনো? পশ্চিম দিক বাদ কারণ সেটা আলোর বিপরীতে হয় আর দক্ষিণ বাদ কারণ আমাদের শাস্ত্র মতে সেদিকে থাকেন যমরাজ। আবার ধর্মীয় মতে পূর্ব দিককে শক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরা হয়।

পুজো করতে বসার আগে, সবার প্রথম কাজ হলো প্রদীপ জ্বালানো। সেটাও সবসময় রাখা উচিত প্রতিমার ডানদিকে এবং পূর্ব মুখ করে। উপরোক্ত যুক্তি এখানেও প্রযোজ্য।

এর পরে আসি ঘট এর কথায়। ঘটে কী কী জিনিস কীরকম ভাবে থাকবে সেটা আমরা সবাই জানি। সেই সব প্রতিটি জিনিস ব্যবহারের পিছনে আছে যথেষ্ট যুক্তি, যার সাহায্যে আকার এবং নিরাকার দুটো বিষয়কে পাশাপাশি রেখে পুজো করা হয়। একটা ছোট বিষয় বেশিরভাগ ক্ষেত্রে বাদ পরে, স্বস্তিক চিহ্ন আঁকার ক্ষেত্রে। এটির পাশে, একটি ত্রিভুজ আঁকা প্রয়োজন। দেবী পুজোর ক্ষেত্রে ত্রিভুজের ছুঁচলো দিকটা থাকবে নীচের দিকে আর পুরুষ দেবতার ক্ষেত্রে ঠিক উল্টো। ছুঁচলো দিকটা নীচের দিকে থেকে উৎপত্তি বা সূচনাকে ইঙ্গিত করে, দেবী হলেন ‘ জননী।

ঘট বসানো থেকে শুরু করে পুজোর বিভিন্ন ক্ষেত্রে আমরা পাঁচ/সাত/নয় এই ধরনের বিজোড় সংখ্যার ব্যবহার খুব দেখি ( ব্যতিক্রম ১০৮ সংখ্যা); যেমন পঞ্চ পল্লব, পঞ্চ শস্য, পঞ্চামৃত, পঞ্চ গুড়ি ইত্যাদি। প্রথম প্রশ্ন হচ্ছে সবসময় পাঁচ কেনো? আর বিজোড়-ই বা কেনো? যখন কোনো জিনিস একে অপরের সাথে জুড়ে থাকে বা জোড়ায় থাকে, তখন তারা একটু বেশী জোড়ালো বা শক্তিশালী বা stable অবস্থায় থাকে। তা সে সম্পর্ক হোক বা পদার্থের অণু বা পরমাণু। বিজোড় বা একা থাকলে একটা পাশ কিন্তু সবসময় আলগা থেকে যায়, আর পদার্থ হোক বা সম্পর্ক সে তখন অন্যকে ধরতে চায়। শাস্ত্র মতে, মনুষ্য জন্মের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ মোক্ষ লাভ অর্থাৎ সেই পরম শক্তির কাছে ফেরা বা তাকে আঁকড়ে ধরা। আর সেই পথের যাত্রী কিন্তু কেবলই আমি। অর্থাৎ বিজোড় সংখ্যা আমাদের সেই মোক্ষ এর প্রতি দিশা নির্দেশ করে। এবার আসি পরের কথায় অর্থাৎ পাঁচে। এটা যেকোন বিজোড় হতে পারতো কিন্তু দেবতার ত্রিনেত্র, বেল পাতার ত্রি ফলক, সর্বোপরি ব্রহ্মা- বিষ্ণু- মহেশ্বর এর সাজুজ্য – এই তিন কারণে তিন সংখ্যা বাদ পড়েছে। এক কেনো নয়, সেই বিষয়ে কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না, তবে আমার মনে হয় সেটা সৌন্দর্য্যের কথা মাথায় রেখে বাদ দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রথম যে বিজোড় সংখ্যা পাওয়া যায় সেটা ‘ পাঁচ ‘। আবার অন্যদিকে এই জগৎ এবং আমরা, তৈরি হয়েছি পঞ্চ ভূতের সমন্বয়ে – সেখান থেকে এই পাঁচ সংখ্যা গুরুত্বপূর্ণ।

তুলসী পাতা নারায়ণ পুজোর এক অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু বাকি দেবতার নয় কেনো। বলা হয়, জলন্ধর নামক এক অসুরের স্ত্রী ছিলেন বৃন্দা এবং তিনি বিষ্ণুর গভীর ভক্ত। তাঁর সতীত্ব ও নিষ্ঠার প্রতি মুগ্ধ হয়ে বিষ্ণু তাকে বর দেন যে, মৃত্যুর পর, তাঁর দেহ থেকে তুলসীর জন্ম হবে এবং তাঁকে বিষ্ণু সবসময় তার সঙ্গে রাখবেন। বৃন্দার পর তুলসী পাতা হয়ে পরে, বিষ্ণুর অবিচ্ছেদ্য সঙ্গী।

এবার আসা যাক ফুলের কথায়। আমরা কাওকে লাল, তো কাওকে সাদা আবার কাউকে নীল এইসব দিয়ে পুজো করে থাকি। কিন্তু কোন পুরানেই দেবতার পছন্দের কোনো ফুলের উল্লেখ পাওয়া যায় না। কিন্তু তাদের চেহারা, চরিত্র, স্বভাব এবং সহজ লভ্যতার কথা মাথায় রেখে পুজোর ফুলের নির্ধারণ করা হয়েছে। যেমন ধরুন শিবপুরাণ। সেখানে শিবের যে দৈহিক কাঠামো এবং স্বভাবের বর্ণনা দেওয়া হয়েছে, তার থেকে এই ভাব প্রকাশ পায় যে – তিনি ব্রহ্মাণ্ডের যে কোন দুঃসাধ্য কাজ করতে পারেন, আবার বিষ্ণুপুরান অনুযায়ী তিনি পৃথিবীর সবচেয়ে কঠিন বিষ গ্রহণ করতে পারেন। আর সেই ভাবনা থেকেই মানুষ তার জন্য তুলে দিল কাঁটাওলা বেলপাতা, বিষময় ধুতুরা।

একটু লক্ষ্য করলে দেখা যায়, পুজোর সময় পুরোহিত মশাই আঙুলের সাহায্যে বিভিন্ন ধরনের ভঙ্গিমা প্রদর্শন করে থাকে। কখনও মাছের, কখনও শিয়ালের মুখের ইত্যাদি ইত্যাদি। এগুলো কেবল নিয়ম বা প্রথা নয়, এটা কিন্তু একটি বিশেষ ধরনের যোগাভ্যাস যা এখন মেডিকেল সায়েন্সে পরীক্ষিত, যা ব্যবহার করা হয় মনোযোগ বৃদ্ধি ও হাত – পায়ের রক্ত সঞ্চালন সঠিক রাখতে।

এবার আসি নৈবেদ্য বা ভোগ নিবেদনের বিষয়ে। খুব যত্নসহকারে আমরা ঈশ্বরকে, আমাদের সাধ্য মতো ফল, মিষ্টি ইত্যাদি দিয়ে থাকি এবং নিবেদনের সময় বিশ্বাস করি, সেগুলো ঈশ্বর গ্রহণ করছেন। ঈশ্বর যদি সত্যি গ্রহণ করতেন, আজকের বাজারে তাহলে তা কেউ দিতো কিনা সে বিষয়ে সন্দেহ আছে।

যাই হোক, জ্ঞানত বা অ-জ্ঞানত আমরা কিন্তু এই নিবেদনের মাধ্যমে ঈশ্বরের সৃষ্ট জগতে তাঁরই তৈরি করা জিনিস তাঁকেই ফিরিয়ে দিই। পুজো শেষে নিবেদিত খাদ্য বস্তু বা প্রসাদ মানুষ এবং জীব জগতের মধ্যে বিলিয়ে দিয়ে থাকি – যার মধ্যে থেকে সেই সত্য আবার প্রতিষ্ঠা পায়, জীবের মধ্যেই শিব আছেন। এক্ষেত্রে জলের গ্লাস কিন্তু সবসময় ঠাকুরের ডানদিকে রাখা শ্রেয় এবং তাতে কর্পূর যোগ করা প্রয়োজন যাতে জলটা জীবাণুমুক্ত থাকে (এই বিষয়ে বিভিন্ন শ্লোকও আছে)।

আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো অন্নভোগ নিবেদন। অনেক মানুষ যদিও মনে করেন ভোগ রান্নাতে কেবলমাত্র ব্রাহ্মণের অধিকার, তা কিন্তু সঠিক নয়। দুর্গা পুজোকে কলি যুগের অশ্বমেধ যজ্ঞের সাথে তুলনা করা হয়। এই দুর্গা পুজো ১৭০০ শতাব্দী থেকে যার টিকা বা ব্যাখ্যাকে ধরে হয়ে থাকে তিনি হলেন পণ্ডিত রঘুনন্দন। তিনি তাঁর ভাষ্যতে বলেছেন পুজোতে শুদ্র বা তার চেয়ে নীচু জাতির মানুষের তৈরি, লোহার কড়াই এ তৈরি বিভিন্ন উপকরণ দেবী দুর্গাকে নিবেদন করা প্রয়োজন। পাশাপাশি সকল স্রেণীর মানুষের সেই পুজোতে যোগদানের কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন।

পুজোর শেষে আরতি, পুজোর একটা বিশেষ অঙ্গ। বেদে আরতির কোনো নিয়ম পাওয়া যায় না। পরবর্তীকালে ভবিষ্য পুরাণ, বিষ্ণুপুরাণ, শিবপুরাণ এ কিন্তু আরতির উল্লেখ পাওয়া যায়। আরতি কেনো করা প্রয়োজন, তার কারণ হিসাবে সবগুলি পুরাণে মোটামুটি একই কারণ বর্ণিত আছে। বলা হয়ে থাকে পুজোর রীতি পালনে কোনো ভুল বা মন্ত্রচারণে কোন ভুল থাকলে যদি নিয়ম মেনে আরতি করা যায়, তাহলে সেই দোষ থেকে মুক্ত হওয়া যায়। আবার আরতির ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহার করা হয় সেগুলো পঞ্চভূতের প্রতিভূ – যার মধ্যে আমরা জন্ম নিয়ে থাকি, প্রতিপালিত হই আবার জীবন শেষে ফিরে যাই – যা পরমেশ্বরের দান আর তারই কৃতজ্ঞতা স্বরূপ এই আরতি করা প্রয়োজন ।

সবশেষে আসি শঙ্খ বাজানোর প্রসঙ্গে, যা পুজোর দিনে তো বটেই, এমনকি আমাদের প্রতিদিনের সঙ্গেও জড়িত। শঙ্খ বাজানোর ক্ষেত্রে আমরা কিন্তু তিন সংখ্যাকে প্রাধান্য দিয়ে থাকি যদিও বাকি সময় তিনকে অশুভ মনে করা হয় । এই তিনের কারণ আমরা জানতে পারি বিষ্ণুপুরান থেকে। তিনবার শাঁখ বাজিয়ে ভগবান বিষ্ণু দেবতাদের আমন্ত্রণ করেছিলেন সমুদ্র মন্থনে অংশ নিতে আর চতুর্থ বার শাঁখ বাজিয়ে আমন্ত্রণ করেন অসুরদের অংশ নিতে। অসুর কে তো আর আমরা আমাদের ঘরে ডাকবো না আর তার ফলস্বরূপ প্রচলন হলো তিনবার শাঁখ বাজিয়ে পুজো শেষ বা শুরু করা।

মূর্তি পুজো বা পুজোর এইসব আচার – অনুষ্ঠান নিয়ে অনেক কথা বলা হয় থাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার ব্যবহারিক বা বৈজ্ঞানিক দিক গুলোকে না বুঝেই। একটু ভালো করে দেখলে দেখা যাবে, এইসব আচার, বিচার, মন্ত্র ইত্যাদি সবকিছুর সঙ্গে দর্শন, বিজ্ঞান, সমাজ এবং ব্যক্তি ভীষণভাবে জড়িত। কুসংস্কার কে প্রশ্রয় না দিয়ে, কেবল অনুসরণ না করে; পড়ে, বুঝে, মননের সাথে গ্রহণ করলে সেটা আরও সুন্দর হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *