Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পুনর্জন্ম || Tapas Jana

পুনর্জন্ম || Tapas Jana

” কী রে, কখন বেড়োবি? ” ফোন করে রুবিকে জিজ্ঞাসা করলো স্বপ্না।
” তিনটে”
” তিনটে? দেরী হয়ে যাবে না ? জানিস তো কেমন ভিড় হয় সব প্যান্ডেলে। আবার ১০ tar মধ্যে ফিরতেও তো হবে। ওই সময় বেড়ালে তিনটে, বড় জোর চার টে ঠাকুর দেখতে পারবো। “
” বেশী আগে বেড়ালে তো আবার লাইটিং গুলো দেখা যাবে না।”
” হুম, তা অবশ্য বটে কিন্তু আবার ফিরতেও তো হবে। (একটু চিন্তা করে) ঠিক আছে চল তাহলে। টিকিট কাউন্টারের সামনে দাঁড়াস, ০৩:১৫ র বারাসাত লোকাল টা ধরবো।”
” ঠিক আছে, পাক্কা। “
” দেরী করবি না কিন্তু, তারপর আবার সেই ৪:০৫ এ হাবড়া, ভিড় হবে ওটাতে। “
” না – না, পাক্কা। রাখি তাহলে।” – বলে ফোনটা কেটে দেয় রুবি।

রুবি আর স্বপ্না ক্লাস ফাইভ থেকে একই স্কুলে পড়েছে আর এখন দুজনেই ভর্তি হয়েছে বারাসাত গভর্নমেন্ট কলেজে। রুবির ফিজিক্স অনার্স আর স্বপ্নার কেমিস্ট্রি। দুজনের বাড়ি স্টেশনের দুই দিকে, অবশ্য কারোর বাড়িই স্টেশন থেকে বেশী দূরে নয়। এই দুই বন্ধুর সুবাদে, তাদের পরিবারের মধ্যেও এক আত্মীয়র সম্পর্ক তৈরি হয়েছে। স্কুলের পাঠ চুকিয়ে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে দুজনে। এতদিন বাবা – মা এর সাথেই পুজোর ঠাকুর দেখেছে, পাড়াতে বসে আড্ডা দিয়েছে, একে অপরের বাড়িতে বসে পুজোর দিনে গল্প করেছে। বয়সের সাথে কলেজে পা রাখার পর খুব স্বাভাবিকভাবেই মনে হয়েছে দুই বন্ধু মিলে কলকাতায় একদিন ঠাকুর দেখতে যাবে। দুজনে একসাথে দমদমে মাথস এর ক্লাস করতে যায়, কয়েকবার কলেজ স্ট্রীটে ও গেছে, কিন্তু ওই পর্য্যন্ত। কিন্তু পুজোর রাতের কলকাতা সে এক অন্যরকম।
যত রাত গড়ায়, পাল্লা দিয়ে বাড়ে মানুষের ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই এখন কি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশীরাও ভিড় করে এই পুজোর কলকাতাকে দেখার জন্য। চারিদিকে আলোর ঝলকানি, মাইকের আওয়াজ, ঢাকের বোল, ভোগের গন্ধের পাশাপাশি রাস্তার ধারের রোল – মোগলাই এর গন্ধ আর তার সাথে মানুষের কলোকাকলি সব কিছু মিশিয়ে এ এক অন্য তিলোত্তমা। দুই বাড়ি থেকেই মা এরা আপত্তি করেছিল প্রথমে কিন্তু বাবাদের সহযোগীতায়, মা এরা বাধ্য হয়েছে ১০ টা পর্যন্ত কলকাতার ঠাকুর দেখার ছাড়পত্র দিতে।

দুজনে ঠিক করেছে বিধান নগর স্টেশনে নেমে তেলেঙ্গাবাগান এর ঠাকুর টা দেখে, একটা অটো করে চলে যাবে হাতিবাগান আর সেখান থেকে ৩/৪ টে – যা হবে দেখে আবার ০৯:০৫ এর ট্রেন ধরে বাড়ি ফিরবে।

কথা মতো দুই বন্ধু সময়মতো স্টেশনে পৌঁছায়। ইচ্ছা থাকলেও, বাড়ির লোকের কথায় আর ভিড়ের কথা মনে করে, শাড়ির বদলে সালওয়ার – কুর্তা পরেই বেড়িয়েছে দুজনে। একজন পড়েছে হালকা গোলাপী আর অন্যজন পড়েছে মেরুন রঙের চুড়িদার। অষ্টাদশী কন্যা তার মধ্যে পুজোতে প্রথমবার একা – একা ঠাকুর দেখতে যাওয়া। মুখের হাসি আর চোখের উচ্ছ্বাস, বুঝিয়ে দিচ্ছে ওদের উত্তেজনার পারদ কোথায় এসে চড়েছে। স্বপ্না, রুমি কে টোকা মেরে বলল “একটা সেলফি তো বান্তা হায় বস্।”

লেডিস কামরায় উঠে বসার জায়গা টা পেয়েছে বটে কিন্তু ভীড় যথেষ্ট। লোকেদের সাজগোজ আর কথা বার্তা শুনে বোঝাই যাচ্ছে, বেশিরভাগেরই গন্তব্য বিধান নগর নয়তো শিয়ালদহ স্টেশন।

তেলেঙ্গাবাগান দেখে বেড়াতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেলো। স্বপ্না বলল, ” এই দেরী হয়ে যাবে না তো? পারবো আর দু – চারটে ঠাকুর দেখতে? ” রুমি বলল “হ্যাঁ – হ্যাঁ, হাতে সময় আছে এখনও। অটোর থেকে একটা ট্যাক্সি বুক করে নিই চল। তাহলে আর চেঞ্জ করতে হবে না। সময়টা কিছুটা হলেও বাঁচবে ।”

কলকাতায় চট করে ট্যাক্সি পাওয়া দূরহ হলেও ভাগ্যের জোরে সেটা পেতে ওদের বেশী দেরি হলো না। ট্যাক্সিতে উঠে ওদের কথা – বার্তা কথা শুনে ট্যাক্সিচালক বলল, ” দিদি, আপনাদের একটা সাজেশন দিতে পারি?” একটু থতমত হয়ে রুবি বলল, ” হ্যাঁ, বলুন।” ট্যাক্সিচালক বলল, “আপনাদের বরং মানিকতলায় নামিয়ে দিই। ওখানে একটা ভালো ফুচকার দোকান আছে মার্কেট এর গেট এর পাশে। ফুচকা খেয়ে ওখান থেকে চালতাবাগান, সিমলা ব্যায়াম সমিতি আর চোরবাগানের ঠাকুর টা দেখে আপনারা মেট্রো করে বরং দমদম এ চলে যেতে পারবেন। এই পুজো গুলো কাছাকাছি আছে, বেশী হাঁটতে হবে না। আর একটু পর থেকে কিন্তু ভিড় টা আরো বাড়বে।” প্রস্তাবটা মন্দ লাগলো না দু-জনের।

মিনিট ২০ র মধ্যেই ওরা পৌঁছে গেলো মানিকতলা। শর্মাজির ফুচকা এখানকার অত্যন্ত বিখ্যাত একটা দোকান। পুজোর সময় পুরো রাত খোলা। সন্ধ্যের শুরুতে ভিড়টা সবে জমতে শুরু করেছে তাই আর বেশীক্ষণ অপেক্ষা করতে হলো না। ফুচকা খেয়ে তারা চালতা বাগান সার্বজনীন এর পুজো দেখে এগিয়ে গেলো পরের গন্তব্যে।

এদিকে আকাশের মুখ ভার হতে শুরু করেছে। হালকা একটা হাওয়া দিচ্ছে। পুজোতে বৃষ্টি হলে পুরো ঘোরাটাই মাটি। নতুন জামা কাপড়, নতুন সাজগোজ, নতুন নতুন খাওয়া; সবকিছুই ফিকে হয়ে যায়। কিন্তু কী আর করা যায়, প্রকৃতি তো আর কারোর হাতে নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে রুমি বলল, ” মনে হয়, বৃষ্টি আসবে রে। চল, এই কাছাকাছি একটা ঠাকুর দেখে বাড়ি ফিরে যাই। ” স্বপ্না বলল, ” হুম, সেটাই ভালো। বাবা – মা চিন্তা করবে। কোথায়, কী করছি জানার জন্য, বাবা অলরেডি পাঁচবার ফোন করে ফেলেছে।” দুজনে হাসতে হাসতে, একথা সেকথা বলতে বলতে এগিয়ে চলল ফুটপাথ ধরে। গিরিশ পার্ক মেট্রো স্টেশন কে বাঁদিকে রেখে এগিয়ে গেলো মেছুয়ার দিকে। কিছুটা যাওয়ার পর লাইনে এসে দাঁড়ালো তাদের পরবর্তী পুজো দেখার জন্য, আর ঠিক ওদের মাথার উপর বড় বড় হোর্ডিং আর লাইটে লেখা, চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে আপনাকে স্বাগত। লাইন যেখানে শুরু সেখান থেকে মণ্ডপ ৪০০ মিটার মতো হবে। এবারের পুজোতে বিশেষ আকর্ষণ এখানকার প্রতিমা । কিন্তু ভিড়ের কারণে মাঝে মাঝে দড়ি দিয়ে সেই দূরত্ব এবং ভিড় আরো দীর্ঘায়িত হয়েছে।

কলকাতার বড় পুজো দেখতে গেলে লম্বা লাইনে দাঁড়ানো, গুঁতো খাওয়া, পায়ে ফোস্কা পড়া, চটি ছেঁড়া, হারিয়ে যাওয়া ইত্যাদি কত ঘটনার সাক্ষী থাকতে হয় মানুষকে। কিন্তু উৎসবের পাশাপাশি যে অভিনব শিল্প সুষমায় শহর ভরে ওঠে তা এককথায় নজিরবিহীন। কোথাও মাটির ভাঁড়, কোথাও ভাঙ্গা টেপ রেকর্ডার, কোথায় সুতো, কোথাও কাঁচ আবার কোথাও পুরানো সাবেকিয়ানা – এইসব মিলিয়ে পুরাতন এর সাথে নতুনের এক সুন্দর সহাবস্থান । জেনারেশন আলফা থেকে জি; সবার কাছেই এই শহর এক অন্য রূপে নিজেকে মেলে ধরে। পুজোর এই কটা দিন এই শহরের কোনো বিশ্রাম নেই।

এদিকে আকাশের মুখ আরো ভারী হয়েছে, যেকোন সময় বৃষ্টি নামতে পারে। ঘড়িতে তখন প্রায় সাড়ে সাতটা। রুমি বলল, ” ইস, এখানে বা ঢুকলেই হতো রে, ট্রেন টা না পেলে মুশকিল হয়ে যাবে। তার ওপর যদি বৃষ্টি শুরু হয়, তাহলে আরো রক্ষে নেই।” স্বপ্না বলল, ” হ্যাঁ, ঠিকই বলেছিস। এখান থেকে তো আর বেড়ানোর উপায় নেই। আর দুটো দড়ি পর করলেই পৌঁছে যাবো। বেড়িয়ে তাড়াতাড়ি একটু হাঁটা লাগাবো। পরের ট্রেন টা তো ধরতে পারবো।”

পুজো কমিটির পক্ষ থেকে এদিকে মাইকে ঘোষণা হচ্ছে সবাইকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার, শৃঙ্খলা বজায় রাখার, পকেট সামলে রাখার ইত্যাদি ইত্যাদি। যাই হোক আর মিনিট পাঁচেকের মধ্যে ওরা ভিড়ের স্রোতের সঙ্গে মণ্ডপে এসে ঢোকার সঙ্গে সঙ্গেই মুষলধারে বৃষ্টি নামলো।

মণ্ডপের ভিতর তখন প্রচণ্ড একটা ভিড়। তারমধ্যে কেউ কেউ আবার ছবি তোলার চেষ্টা করছে। কোনো কোনো বাচ্চা কাঁদতে শুরু করেছে। একে অপরের উপর এমনভাবে চিপকে পড়েছে যার মাঝে মশা কেনো একটা সুতো পর্যন্ত গলার কোনো সুযোগ নেই। কমিটির লোক উচ্চস্বরে চেঁচাচ্ছে ” এখানে কেউ দাঁড়াবেন না, ছবি তুলবেন না, বাইরে বেড়িয়ে আসুন।” একদিকে প্রচণ্ড বৃষ্টি আর তার সাথে প্রচণ্ড ভিড় এই সব মিলিয়ে কে যে কোন দিকে যাবে, কী করবে এক দিশেহারা অবস্থা। হঠাৎ একটা চিৎকার আর তারপর লোকজন চেঁচাতে শুরু করলো, মণ্ডপ ভেঙে পড়ছে। এক চরম দিশেহারা অবস্থা চারিদিকে। শ্বাস নেওয়ার অবস্থা টুকু নেই, অথচ পিছন থেকে একটা প্রচণ্ড চাপ আসতে লাগলো। একটা কান্নার রোল উঠতে শুরু করেছে মণ্ডপের ভিতর। কমিটির কিছু লোক চিৎকার করে বলতে শুরু করেছে “আপনারা আতঙ্কিত হবেন না, কিচ্ছু হবে না, বেড়িয়ে যান। এখন কেউ ঢোকার চেষ্টা করবেন না।” কিন্তু কার কথা কার কানে যায়। সবাই নিজেকে আর নিজের প্রিয়জনের নাম ধরে চিৎকার শুরু করেছে। চেষ্টা করছে একে অপরকে টেনে রাখতে, ভিতর থেকে বাইরে বেড়িয়ে আসতে।

রুমা আর স্বপ্না, এক অপরের হাতটা শরীরের সব শক্তি দিয়ে ধরে রেখেছে। এক্সিট গেটের কাছাকাছি আসার পরও বেড়োতে পারছে না। তাদের সামনে তখন অনেক লোকের ভিড়। সবাই চেষ্টা করছে কে আগে বেড়াতে পারে। এদিকে রুমির গলায় ওড়নাটা জড়িয়ে গেছে, এক হাত তুলে সেটা একটু আলগা করার চেষ্টা করতে গেলো কিন্তু হাত তোলার কোনো সুযোগ নেই। দম বন্ধ হয়ে আসতে লাগলো। হঠাৎই রুমি ডান হাতে একটা প্রচণ্ড হ্যাঁচকা টান অনুভব করলো আর তাতেই প্রায় গেট থেকে ছিটকে বেড়িয়ে এলো। দুজনেই বাইরে এসে একটা গভীর শ্বাস নিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। দেখলো বাবার বয়সী এক ভদ্র লোক ওদের সামনে দাঁড়িয়ে। লোকটির জামা ছিঁড়ে গেছে, একটু ইতস্তত করে কিছুটা থেমে বলল, ” লাগেনি তো মা? আমার তো আর কিছু করার ছিল না।” আর ঠিক তখনই ফোনের রিং টোন টা বাজতে শুরু করলো ‘Baba is calling. Baba is calling।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *