মন জোগানো তোমার কথা
মনের কথা নয় ,
সবার কাছে ভালো থাকার
জটিল অভিনয় ।
মানতে মানতে হারিয়ে যায়
তোমার পরিচয় ,
‘ সব দিয়েছি’র পরের পাতায়
পিছলে পড়ে জয় ।
মধু’র মুখোশ পরতে হবে
কে দিয়েছেন নিদান ?
সত্য সাগর পাড়ি দেবে
পানসী হবে বিমান !
উচিৎ ভোরে যা ভেবেছো
তাই বলো না তাকে ,
দুপুর বিকেল পাল্টে গেলেও
সত্য একই থাকে ।
সবার সখ্যে সমান দক্ষ
পূর্ণে পরিস্কার ,
সময় স্বয়ং পারেননি
থাক , হেলানো সংসার ।
