তৃষিত হৃদয় আজও খোঁজে হৃদয়কে
আত্মার আত্মীয় সেই তো আপন হয়,
সুখ দুঃখ,ভালো খারাপ গ্রহণের মধ্যেই
গড়ে ওঠে সুসম্পর্ক, হৃদয় স্পর্শ করে হৃদয়।
কিন্তু এমন সম্পর্ক গড়তে কয়জন পারে,
হৃদয় ছুঁতে পারে কে কার!
প্রেম ভালোবাসা– সেতো গভীর অনুভূতির ব্যাপার
সে অনুভূতি কি থাকে সবার ?
ফুল ডোরে বাঁধা ঝুলনায় দোলা- কি সহজ?
যা পেরেছিল শ্যাম রাই যুগলে দুর্বার!
চোখে চোখে মিলন তো হয় কতজনের সাথে
কই প্রেম তো জাগেনা মনে তেমন ভাবে–
হৃদয় কি তবে অন্য হৃদয় খোঁজে?
যে হৃদয়ে থাকে আঁকা মধুমাস অনুভবে!
হৃদয় দিয়ে হৃদয়ের পরশ পাওয়া সোজা নয়
প্রেম নিকুঞ্জ ভরেনা প্রেমহীন লতাপাতায়।
যদি বন বীথিকা থাকে বসন্ত বীতরাগে,
তবে কেমনে রচিবে নতুন আর এক পদাবলী?
প্রেমের সুর সাধনায় মগ্ন আবেগী মন
বোহেমিয়ান ভাবনাকে দীর্ঘ হিমঘুমে ঠেলে,
চেয়েছিল হৃদয়ে বসন্ত উৎসব–
সবুজ ঘোমটার আবরণে হৃদয়ের উপবনে।
অপেক্ষার আঙিনা পেরিয়ে আজও পাওয়া গেলনা সেই কাঙ্খিত হৃদয় আবাসন,
খুঁজে বেড়ায় তবুও ভালোবাসার উষ্ণতা গায়ে মেখে
এক আকাশ বিষণ্ণতায় ভারাক্রান্ত মন।
