চাই শুধু একমুঠো ফেনা ভাত-
কতনা লড়াই,কত হাঁটা মাইলের পর মাইল ,
জীর্ণ শরীরে সয়না ধকল ,
জঠর জ্বালায় শরীর বিকল।
উদ্বিগ্ন মুখ চোখ ছলছল
দলে দলে মিছিলে করে কোলাহল ,
গুটি গুটি পায়ে চলে হেঁটে হেঁটে
ভাতের অভাব খিদে নিয়ে পেটে।
মিলবে সব বাঁধে আশায় বুক
ভাবনার উজ্জ্বলতায় ভরে ওঠে মুখ ।
মিটবে অভাব দারিদ্রজ্বালা আছে যত দুখ,
দুঃখ অবসানে আসবে ঘরে সোনালী সুখ।
প্রভাতী আকাশ পাখির কলরব,
খাদ্য সন্ধানে নীড় ছেড়ে চলে উড়ে সব ।
ক্ষুধার জ্বালায় সদ্যজাত ছানা
অপেক্ষায় নীড়ে মুখে টু শব্দ মানা।
দিনশেষে আসে নিজ নীড়ে ফিরে ,
কিচির মিচিরে ছানারা ধরে মাকে ঘিরে-
আমোদ আহ্লাদে ফুরায় দিন যেই
ফের নিশি পোহালে নতুন বাঁচার লড়াই ।
যুগ যুগ ধরে চলা সেই একই খেলায়
কাটে জীবন অনাদর অবহেলায়,
ধুঁকপুক প্রাণ বাঁচে তবু আশা আকাঙ্খায়,
লড়াইয়ের ময়দানে প্রাণ শক্তি না হারায়।
