শিশু মা’কে প্রশ্ন করে আধো আধো বোলে,
বলোনা মা কেমন করে এলাম তোমার কোলে?
কোথায় দেখা পেলে আমার কোথায় ছিলেম আমি,
প্রশ্নগুলি মনের মাঝে জাগে দিবস যামী।
যখন আমি আসিনি মা তোমার কোলের ‘পরে,
আমি ছাড়া তখন তুমি ছিলে কেমন করে।
দূর অজানায় ঘুরে ঘুরে খুঁজতে বুঝি মোরে,
কাছে পেতে চাইতে আমায় পরম স্নেহ ভ’রে।
জানতে ভীষণ ইচ্ছে করে ছিলাম কোন্ সে দেশে,
যেখান হতে এলাম আমি তোমার কোলে শেষে।
নাকি ছিলাম চাঁদের দেশে খুজেঁ তুমি পেয়ে,
আদর করে আনলে আমায় চাঁদের কাছে চেয়ে।
মা শুনে কয় তুই যে আমার ছিলি অন্তর জুড়ে,
গর্ভ মাঝে জন্ম নিলি আমার জীবন পুরে।
তোকে পেয়ে ধন্য আমি ভরলো হৃদয় সুখে,
আঁচল ছায়ায় করবো লালন রইবি যত্নে বুকে।
