আজকে না হয় মনটা একটু ছুটুক
লাগাম খানা একটুখানি টুটুক,
ব্যাথা গুলো সব তাকের উপর তুলে,
বন্ধ মনের দরজাটা দে খুলে।
শীতল মনে উষ্ণ বাতাস ঢুকুক,
মনের মাঝে রঙীন স্বপ্ন ছুটুক,
অনুভূতিগুলি বিনি সূতোয় গেঁথে,
ভাসিয়ে দে আজ অনুভবের স্রোতে।
ভাবনাগুলো ইচ্ছে ডানা মেলে,
যেদিক পানে যাক না খুশি চলে,
দেখ খুঁজে দেখ তোর ভিতোরেও আছে,
সুপ্ত একটি শিশু মনের মাঝে।
ঘাপটি মেরে মুখটি গুজে থাকে
খাপটি খুলে বের করে দে তাকে।
যাক উড়ে যাক মন পবনের দেশে,
ইচ্ছে খুশি আনন্দ ভালোবেসে।
