পৃথিবীর অন্তর শুকিয়ে খটখটে
শুকনো মরা চামড়ায় বাজে ডুগডুগি !
মৃত স্বপ্নদের ঘিরে
গড়ে ওঠে ক্যাকটাসের মরুদ্যান।
নেই যেথা ভালোবাসা নেই সহানুভূতির ছোঁয়া ,
শুধু জ্বলে যায় অন্তর
জ্বলন্ত ছ্যাঁকা লাগা অনুভূতি নিয়ে।
প্রেমহীন পৃথিবীর ফুসফুস আক্রান্ত
বারুদের গন্ধে আজ নিঃশ্বাস ভারী,
ধুঁকছে জীবন বেয়নেট আর লাশের পাহাড়ে,
মূল্যহীন নোনাজলে দুপাতা জারি
অন্ধকার মন ঘরে।
দাও একটু ভালোবাসা সহানুভূতি
ঝড়ে পড়ুক
মানব প্রেমের সুধামাখা বরিষণ,
গোলাপের নির্যাসে ছড়াও অমৃত ধারা
মমতার প্রলেপে মাখাও হৃদয় আকাশ-
শ্রাবনের রক্তিম আভায়।⁸
একটু প্রেম দাও, জাগাও চেতনা!
ভরে উঠুক প্রাণ সুবাসিত গোলাপ বাগিচায়,
রঙের ঝর্ণাধারায় বয়ে যাক সতেজ নিঃশ্বাস।
জীবন আবার উজ্জীবিত হোক
প্রেমের স্পর্শ নিয়ে,
একটু প্রেম দাও পৃথিবীর শূন্য বুকে।
