বেদম শোকের ব্যক্তিগত প্রলম্বিত স্বরে
আলুথালু কান্না দিলে সনির্বন্ধ কানে ।
ভালোবাসার ব্যাপ্তি উদোম নদীর মতো হলে
হৃদ্য হৃদয় আছড়ে পড়ে কুটোয় ভাসা থানে ।
কী ভয়ানক কষ্ট আমার , অজান্তে এক সুখ
বসলো জুড়ে অতল ফুঁড়ে দিগন্ত মন রোমে ।
কেমন করে দুঃখ সুখের সন্ধিতলার দীপ
জ্বালবো এবং নেভাবো একসাথেই শীতল হোমে !
সময় এসে খুললো আগল ব্যথার চাবি খুঁজে
লুকিয়ে ছিলে টানের শেকড় কিংবদন্তি কাছে ।
উজাড় হলে মধ্য শাখায় , থাক ছায়ারা সরে
নিরাভরণ নীড় পেতেছি নিরাময়ের গাছে ।
