আদিম বর্ষণ জলে ভেসে যায় নগর সভ্যতা নিঃস্বপ্ন রাতের ধূমায়িত পেয়ালায়।
প্রণয় পিপাসায় উন্মত্ত যৌবন
অন্ধকারের গহীনে ডুব দেয় কৃষ্ণ কায়ায়।
সুপ্ত অভিমানে বিবর্ণ ভালোবাসা
হয়ে ওঠে বর্ণিল,প্রতীক্ষার কপাট খুলে–
পালক স্পর্শী জলরেখায় অদম্য সন্তরণ
কামনায় বেপরোয়া প্রেমের জোয়ারে সব ভুলে।
রতিসম্ভারে ফুরিয়ে যাওয়া মনের ঘর
কাঁপে অসহ্য রতি সুখে উদগ্র প্রেম জ্বরে,
মনের অলিন্দে চুঁয়ে পড়া প্রেমরস আসক্তি
কুহু সুরে বাজায় অনুরাগের স্বরলিপি বসন্তের সুরে।
শিশিরের মত লেগে থাকা বায়বীয় আশ্বাস–
মনের ভিতর তরঙ্গ তোলে গভীর নিঃশ্বাসে,
সময়ের বিবর্ণতায় ভিজে যাওয়া খাতার পাতা ভালোবাসার কাব্য সাজায় নতুন অক্ষরবিন্যাসে।
পূণ্যতোয়া গঙ্গার জলস্রোতে ধুয়ে মুছে সাফ
ধ্রুপদী নৃত্যের মায়াবী আঘাত উদাস,
অভিমানী মন চঞ্চল হরিণী, ব্যাথাতুর হৃদয়ে
আগুন ঝরায় ফাগুনের বসন্ত বিলাস।
কুয়াশার ধোঁয়াটে আকাশ চিরে নেমে আসে
অনুরাগের তানপুরা–
ইমন রাগে প্রেমের অনশন কাটিয়ে বাজায় সঙ্গীত,
বসন্ত ভরা পৃথিবীতে এক নতুন গীতবিতান।
