আমি কতটা উদ্বিগ্ন হলে নিশ্চিন্দি নিভে যাবে
তোমার অসুখ অসুখ রন্ধ্রে অসুখী উদগার !
আমি যে তোমার জন্য নির্জন নিউরনে নতুন জন্ম পেতেছি !
জীবনের ক্লান্ত জিনে ক্রমশ কমে আসছে
অতৃপ্ত সময় সওয়ারীর পান্থ পরমায়ু ।
সূর্যাস্তের আগে তোমার কুশল আলো
শেষবার চোখে পেতে চাই ।
কখনোই জানা হবে না , আমার মাঝারি মৃত্যু মেখে
কীভাবে গলবে তুমি আষাঢ় যেমন নাকি লাভার মতন
কিংবা আচমকা হেঁচকি কান্না গিলে
হেঁটে যাবে নির্বিকার ভীড়ে !
এতো এতো না-জানার আক্ষেপ ভুলে
তবুও আশীষ আশ্রম হবো তোমার মগজে ।
আমার নীরব নিউরনের নীলে
তোমার মাচান দৃষ্টির মেঘে বৃষ্টি বিতান বুনে যাবো ।
