আয়আয় দেখবি আয়,
উন্মুক্ত আকাশ আজ ঘন তমসাছন্ন ,
প্রেম ভালোবাসায় সিক্ত মানবধর্ম
আজ হয়েছে বাষ্পীভূত,
যা দেখে বাঁকা চাঁদটাও কেমন হাসছে।
ছোটছোট আশা,নিভুনিভু আজ,
রণংদেহি মা বসুন্ধরা পড়েছে সমর সাজ ,
নেই রক্ষে বিশ্ব জুড়ে লাগলো এবার
লাগল বলে মহারণ।
আচ্ছা ! বলতে পারিস
কোথাও কেন হয়না জনবিস্ফোরণ ?
কেনো পারেনা টেনে নামাতে
রাজার মূর্তি,পারেনা করতে খানখান!
দয়ামায়া প্রেম মানবতা উধাও প্রায়
যে দিকে তাকাই হিংসা দ্বেষ খেয়োখেয়ী
আর চাপচাপ জমাট রক্ত ।
মেকি কৃত্রিমতায় সব ঢাকা, সব নিগূঢ় সত্য,
বলতে পারিস –
সমাজ কেন হয়না হিংসাদ্বেষ ক্রোধ মুক্ত ?
পচনশীল সমাজ সংসারে হয়ে আবদ্ধ
ক্ষমতার তাজে সাজাতে নিজেকে
সবাই কেমন প্রলুব্ধ।
যা দেখে ! চাঁদেরও যেন পাচ্ছে হাসি,
মুচকি হেসে, দুস্টু কানাই বাজায় আপন বাঁশি ।
ওই দেখ ওই দেখ
আধুনিক কুরুক্ষেত্র যুদ্ধ আসন্ন প্রায় ,
বাজলো বলে সাইরেন–
সারা বিশ্ব আজিকে টলোমলো তায় ।
রাজায় রাজায় যুদ্ধ করে
রণে বনে উলুখাগড়া মরে প্রাণে,
চলে হাতে হাত প্রথা বিনিময়
বোকা উলু খাগড়ার দল শুধু চেয়ে রয়,
রাজা মহারাজার তাতে কিবা এসে যায় ।।
