বড়ো রাস্তার ধারে
চার ফুটের এক ফুটপাত,
ঐটাই আমার বাড়ি
ওখানেই কাটে দিনরাত।
খুবই রুগ্ন শরীর আমার
পোশাক অতি জীর্ণ,
হোটেলের এঁটো বাসন মাজি
অভাব পরিপূর্ণ।
রাস্তার ধারে ডাস্টবিন কত
দেখেছেন আপনারা রোজ,
মানুষ কুকুরে একসাথে মোরা
আনন্দে করি মহাভোজ।
দেখেও, না দেখার ভান করেন
লেখেন কবিতা কত কবি,
মুখেতে মিস্টি ভাষন শুধু
মনে অন্য কোনো ছবি।
মঞ্চ কাঁপিয়ে বক্তৃতা দেন
বন্ধ করুন শিশুশ্রম,
চোখে জল আর পেটে খিদে নিয়ে
করি কঠোর পরিশ্রম।
শুনেছেন কি মোদের কান্না
আর বুক ফাটা আর্তনাদ,
ফুটপাতের অনাথ শিশু বলে তাই
করেননি কোনো প্রতিবাদ।
বুকে স্মার্ট ফোন, হাতে ঘড়ি
ভদ্রলোক নাকি আপনারা,
ভদ্রতা কি শুধুই লোক দেখানো
আর অত্যাচারিত আমরা।
আঁধার ঘন জীবন মোদের
চাই যে বাঁচার আলো,
ভালোবাসা যদি একটু পেতাম
হতো যে বড়ই ভালো।
রোজ দেখি কত শত
শিশুরা যায় স্কুলে,
আমরাও যেতে চাই
শত কষ্ট সব ভুলে।
আপনারা সব বাবুলোক, পারেন না,
একটু কাছে টেনে নিতে,
একটা সুযোগ আমরাও পেলে
পারবো, সমাজটাকে বদলে দিতে।
