হন্যে হওয়া মন
খুঁজে বেড়ায় তোমায় মানসী,
কেন তুমি রেখেছ নিজেকে আড়াল করে !
অনেক দিয়েছ তুমি
আরও কিছু দেবার আছে বলেছিলে
এমন কি ঘটল !
বিচ্ছেদ ঘটিয়ে তুমি চলে গেলে অন্তরালে!
জীবনে আরও কিছু চলার পথ বাকি
এভাবে যেওনা চলে ;
এসো দুজনে হাতে হাত ধরে
মানুষের নিত্য জীবন যন্ত্রণার জলছবি আঁকি;
কলমের ক্ষুরধারে।
হন্যে হওয়া মন
খুঁজে বেড়ায় সেই ন্যাংটো ছেলেটাকে,
ভূমি স্পর্শে প্রথম যেদিন সে দেখেছিল এই কঠিন রুঢ় বাস্তবকে।
লড়াই আর লড়াইয়ের মাঝে পিষ্ট জীবন,
ক্ষতবিক্ষত হৃদয়ে শাণিত তলোয়ার মন
আজও খুঁজে বেড়ায়
সেই চুরি হয়ে যাওয়া সুকোমল হৃদয়টাকে।
হন্যে হওয়া মন
পারেনা আজও ভুলতে কিছুতেই,
অসীম জলাশয়ের কচুরিপানায় তলিয়ে যাওয়া
তার স্বপ্নতরীর সলিল সমাধিকে।
কান্না ভেজা মন কেঁদেছিল সেদিন হাপুস নয়নে
ডুকরে ডুকরে ,
কেটেছিল তার নিশি জাগরণ;
ফিরিয়ে দাও আজ,আমার সেই অমূল্য অতীত মন।
