ঋতুরাজ ছুঁয়ে দিল মজা মন আকাশ
রঙেরঙে রঙিন হ’ল পিপাসিত হৃদয় ,
ফাগুন হাওয়ায় খুলে গেল গোপন কুঠুরির দ্বার !
রঙিন হল তৃষাতুর জীবন, মুছে শতবর্ষের ক্ষয় ।
হৃদস্পন্দন বেড়ে আশি ছুঁইছুঁই ,
কাঙ্খিত পেলব স্পর্শে দুলে উঠে অচেতন মন !
বিগলিত কামনায় উৎসরিত প্রেম
পলাশের রঙে রক্তিম অধর চুঁয়ে প্রেমের বর্ষণ !
খবরে প্রকাশ, অশ্লীলতার দায়ে বারোজন
কামোন্মত্ত পশুর সংগঠিত অত্যাচার…
উৎসবের আমেজ নিষ্প্রাণ, হাওয়া মিলিয়ে দেয়
কিশোরীর পরিত্রাহি চিৎকার।
নিস্তেজদেহ পড়ে আবাসনের এক কোণে ,
অগোচরে রয়েযায় একগুচ্ছ পলাশ মুষ্টিবদ্ধ !
ফাগুন উৎসবে আবিরের ছটা উদ্ভাসিত ,
নেতার ইচ্ছা বলে কথা… নিষিদ্ধ টুশব্দ ।
কালো মেঘ ঢাকে ওড়নায় রঙিন আকাশের লজ্জা,
প্রেমাস্পদ অপেক্ষায় সাতরঙ্গা মালা হাতে
লজ্জাবনতা কিশোরীর কান্না পৌঁছায়না ।
ভালোবাসার অকাল মৃত্যু ধর্ষকের লালসায় ,
কুসুমিত প্রেম,অ-পল্লবিত সামাজিক অভিঘাতে !
