তোমার সাথে একটা জনম,
অবলীলায় কাটিয়ে দিতে পারি।
প্রেম-ভালোবাসা চাই না।
তোমার সাথে আটপৌরে,
সাদামাটা জীবনে বাঁচাতে চাই।
মন খারাপ হলে পাশাপাশি হাঁটবো,
তোমার গল্পগুলো মন দিয়ে শুনবো।
মাটির ভাড়ে গরম চায়ে চুমুকে,
চোখে চোখ রেখে কথা বলবো!
তবুও তোমার প্রেমে পড়বো না।
প্রেমিক-প্রেমিকা হতে হলে,
পুড়তে হয় পোড়াতে হয়,
নয়ন জলে ভাসতে হয়!
লিপ্টে যাওয়া কাজল চোখে,
আবছায়া জানালার ঘষা কাঁচ!
তার থেকে চলো সত্যিকারের,
একটা নামহীন সম্পর্ক কাটাই।
যে সম্পর্কে কোন চাওয়া-পাওয়া,
মান অভিমান থাকবে না!
দোলনচাঁপা কেন বেল ফুলের,
গায়ে জড়িয়ে নিলো?
রজনীগন্ধা কেন গন্ধসুধা ঢেলে,
গোলাপের দিকে চেয়ে রইলো!
এতে বুনো ফুলের কিচ্ছু যায় আসে না!
শুধু মন খারাপের দিনে,
চলো দুজনে হেঁটে আসি বহুদূরে।
কোন সবুজ গালিচা প্রান্তরে।
কোন কথাটি না বলে,
আমার তপ্ত হাতে, তোমার-
বরফ ঠান্ডা হাত টি ছুঁয়ে দিও!
বুঝে নেবো তুমি আছো পাশে,
একটা নাম না রাখা সম্পর্কে,
দুজনেই যেন দুজনের ভরসা হতে পারি।
সুখে নয়, তোমার দুঃখের দিনে,
রাত্রি হয়ে জাগতে পারি।
