শারদ প্রাতে শিশিরের কণা
সবুজ ঘাসেতে ফোঁটা,
ঊষার কিরণে করে ঝলমল
হীরক দ্যুতির ছটা।
নীল গগনের নীরদ বালারা
কৈলাসে যায় ভেসে,
আগমনীর সু বার্তা বয়ে যে
মর্ত্যধামেতে আসে।
দীঘির জলেতে রক্ত কমল
পাপড়ি ফুটিয়ে থাকে,
মায়ের চরণে নিবেদিত হয়ে
জপে সে খুশিতে মাকে।
রাতের আঁধারে সুবাস ছড়িয়ে
শিউলি ফুলেরা ফোটে,
প্রভাত কালে পল্লী বালারা
শিউলি তলায় ছোটে।
মৃদু সমীরণে কাশের বনেতে
ঢেউ যেন খেলে যায়,
সবার মনেতে খুশির লহরী
সারা বাংলাতে বায়।
