মনোমুগ্ধ শ্যামা রূপটি তোমার
রামপ্রসাদের গানে গানে,
মুণ্ডমালা গলে রণচণ্ডী মাতা
রক্তবীজের রক্ত স্নানে।
অমাবস্যার রাতে পূজে ভক্ত
বরাভয়ের মুদ্রা জেনে,
অশুভকে করবে সংহার মাগো
সত্যের জয় টি মেনে।
প্রসারিতা রক্ত জিহ্বা অগ্রে
অধিষ্ঠিতা শিবের বুকে,
লজ্জায় রাঙা থামলে শেষে
পৃথ্বী তখন সুখে।
আঁধার ঘোচায় শত প্রদীপ
অমাবস্যার ঘোর কালি,
বাজি ফোটায় জয়ের প্রতীক
উল্লাসে হাজার তালি।
ঘরে ঘরে চৌদ্দ প্রদীপ
আরাধনায় শত শত,
মায়ের পূজা নিশীথ রাতে
ভূতেরা জাগে কত।
প্রার্থনা রয় অসুর বধের
মর্ত্যের ভালো চেয়ে,
নিরাপদে যেন থাকে মাগো
আমার ঘরের মেয়ে।
