প্রসারিতা রক্ত জিহ্বা
মুণ্ডমালা গলে,
অধিষ্ঠিতা শিবের বুকে
কালী শরম তলে।
ছিন্নমস্তা রূপ জাগ্রত
কাটা মুণ্ড হাতে,
রক্তবীজের রক্তস্নানে
রণচণ্ডী মাতে।
অশুভ নাশ করতে হবে
উগ্র চন্ডী রূপে,
অসুর দানব ঘরে ঘরে
নিধন করো চুপে।
মর্ত্যের ডাকে সাড়া দিয়ে
খড়গ হাতে আসা,
সাবধান থাকরে দানব পিশাচ
নইলে রক্তে ভাসা।
বিবেক রহিত মনুষ্যকূল
কলিকালের ফলে,
সংহার করবে মাতার অস্ত্র
নীতি নিয়ম তলে।
শত অস্ত্রে বিভূষিতা
আজকের কালী মেয়ে
সইবে নাকো লাঞ্ছনা আর
নাইবে রক্তে নেয়ে।
ঘরে ঘরে রক্তবীজ যে
বইছে রক্ত নদী,
আয় রে তবে হানরে শক্তি
রক্ত খাবি যদি।
