এবং -এর বাঁদিক আর ডানদিকের পৌনঃপুনিক পর্বে
ধর্মের মোক্ষম আফিম উপমা প্রমাণে তৎপর
ঝাঁক ঝাঁক আদিম রাজনীতির নাঙ্গা দাবানল ।
শতাব্দীর নির্লজ্জ মৌলফণার কালান্তক ঝাঁপি
জন্মান্ধ ক্ষমতার সুখ পেতে সুপ্ত জেগে থাকে ।
হাজারো কবিতার লেখ্য ও উচ্চারিত চেষ্টা শিশিরে
সিঁদুরে মেঘের বুকে ঘর পোড়া আগুন নেভে না ।
মনের ছাপাখানায় ঘৃণার পাশপোর্ট ছাপিয়ে
সীমান্ত পেরোতে কোনও ভিসার প্রয়োজন নেই ।
অতঃপর , ভালোবাসার বাস্তু তল্লাশে এতো প্রশ্নবাণ কেন ?
বিশ্ব মানবতাবোধ –এই অপরূপ অক্ষর মঞ্জিরগুচ্ছ
ভীষনই সন্দেহ জনক বুঝি !
তবু , সৃজনের সেরা অপচয় জেনেও
শেষের স্তবকে থাক ব্যর্থতার টুকরো টুকরো পাথরে গড়া
সাফল্যের সম্ভাবনার সম্ভাব্য আহ্বান শ্বাস
— দেশ -ধর্ম – জাতি – বর্ণের পরিচিত জন্মদাগে
কেবলই আটকে থেকে আর কবে
মুক্ত চিন্তার হাওয়ায় হবে বিশ্ব নাগরিক
হে সজাগর অমৃত সন্তান !
