ঠিক যেভাবে চাই । ভাবি । সেভাবে
কিছুতেই হয় না ।
উদ্দিষ্ট দৃশ্য শোষে কোনও এক
অদৃশ্য আয়না ।
ভরপুর নির্জনে চেয়েছি তোমার
নদীর পুরো নাড়ি ,
সর্বজনীন জলে বিলোতে বিলোতে এলে
শ্বাসের ব্যাপারী !
তোমার গ্রামীণ গন্ধের অপেক্ষায় আমার
শাপলা সন্ধ্যার স্নান ,
রাত্রি ফুরিয়ে গেলে কীভাবে কুড়িয়ে পাবে
আমার ঘুমন্ত অভিমান !
আলতো ঠোঁটের আলো ছুঁয়ে দেবো আধভেজা
চোখের পাতায় ,
সময়ের হেরফেরে তোমার ফাগুন শরীর পোড়ে
জাগরী জ্বালায় ।
ভাবনার অক্ষর অনুবাদে কেবলই পঙক্তির মাঝে
ফাঁক থেকে যায় ,
দেরির দূরত্বে পাশা কবিতার ইচ্ছে -আড়ালে শুধু
দান বদলায় ।
