হয় এদিক নয় ওদিক ,
বেছে নিতে ব্যর্থ হলে দু’দিকের মন-ই হারাবো ।
কীভাবে মধ্যবর্তী সুখের দুই ডানা
সমান ছড়াবো কিংবা গোটাবো , তথাগত !
নির্লিপ্ত শবের কোনও নিজস্ব ইচ্ছে থাকে না ।
হ্যাঁ এবং না -এর ঠিক মাঝামাঝি
মনহীন জীবন্ত পাথরই হাঁটতে পারে ,
পৃথিবীর কোনও শুদ্ধ সন্ন্যাসীও না ।
সম্ভাবনার অসম্মতির আঁধার ছেড়ে
সম্মতি -আলোকে দুলতে চায় লতা ।
সাগরের অপত্য স্নেহ নাকি ঋতুমতী বৃষ্টির প্রেম !
পাহাড়ের খাঁজে মাটির উর্বরতা বিষয়ক প্রশ্নের
চটপট উত্তরে দায়িত্ববান ভরপুর মেঘের নিঃস্বতা ।
নদী তো নিরপেক্ষ নয় মোটেই
দীর্ঘ দু’কূলের বিভিন্ন দৃশ্যই প্রমাণ ।
দু’নৌকোয় পা দেয় যারা
তারা বেশি দূর এগোতে পারে না ।
