কল্কে ফুলের ঠোঁটে প্রথম মধু- চুম্বনের স্মৃতি
যেন টাটকা গতকাল ।
ঝুলনের সাজানো পাহাড়ে
খেজুরের পাতা -রঙা টিয়ে’টার বয়স বাড়ে না ।
অপরাজিতার কুঁড়ি ফুটে ফুটে এক নীল শৈশব নদী ।
মিশাইল -বিদ্ধ এই দুঃসময় ছেড়ে
সময় পিছোতে চাই , হে সুসময় ।
ক্রমাগত মৃত্যু দৃশ্য দেখে দেখে
শেষ অবসাদও ফুরিয়ে আসে বুঝি !
হাজারো কবিতার জন্ম যন্ত্রণায় সৃজন -আনন্দাশ্রম
কেবলই পন্ডশ্রম বলে মনে হয় ।
সামরিক বাণিজ্য প্রধান যারা , কবিতা পড়ে না ।
একদা কাব্যপ্রেমী ক্রেয়ন , শাসক – ট্র্যাজেডি শোকে
বিধ্বস্ত অকাল বৃদ্ধ একা
শিশুর সারল্য ফেলে আর বড়ো হতে চান না !
আমি এক সাধারণ জীবনের অপটু ঝুলন কর্মী
আপাতত কল্কে ফুলের নীচে
অপরাজিত শৈশব নদীর ওমে এক ডুব দিয়েই
ফিরে আসছি , সীজার আর ব্রুটাস দ্বৈরথ ।
